![]() |
Home | Articles | About | Contact |
|
ওবামাকে অভিনন্দন
- ফরীদ আহমদ রেজা বারাক হোসেন ওবামাকে অভিনন্দন। যুক্তরাস্ট্রের জনগনকেও অভিনন্দন। যুদ্ধবাজ প্রেসিডেন্ট জর্জ বুশের রিপাবলিকান পার্টি মনোনীত জন ম্যাকেইনকে প্রত্যাখ্যান করে তারা কৃষ্ণাঙ্গ ওবামার হাতে হোয়াইট হাউসের চাবি তুলে দিয়েছে। আফগান ও ইরাক যুদ্ধের ফলে সৃষ্ট ভয়াবহ পরিস্থিতির কারণে বিশ্বের শান্তিকামী মানুষের কাছে যুক্তরাষ্ট্র একটি জঙ্গী রাষ্ট্র হিসেবে চিহ্নিত হয়েছে। বর্তমান সময়ে বিশ্বশান্তি, গণতন্ত্র ও মানবাধিকারের বিপক্ষ শক্তি হিসেবে যুক্তরাষ্ট্র যে গ্লানি বহন করছে এর দায় কোনভাবেই যুক্তরাষ্ট্রের জনগণের প্রাপ্য নয়। যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ গোটা পৃথিবীর সাধারণ মানুষের মতোই সরল ও আবেগপ্রবণ। বুশ সরকারের যুদ্ধংদেহি বিদেশনীতি এবং বিশ্বের প্রাকৃতিক ও জ্বালানী সম্পদ লুন্ঠনের আকাঙ্খাকে তারা নীতিগত ভাবে কখনো সমর্থন করেনি। দেশী-বিদেশী প্রচার মাধ্যমের সহযোগিতায় নিজেদের আগ্রাসী নীতিকে অত্যন্ত জোরালো ভাষায় উপস্থাপনের মাধ্যমে জনগণের মধ্যে একটা কাল্পণিক ভীতি সৃষ্টি করে বুশ সরকার এতদিন ক্ষমতায় অধিষ্টিত ছিল। গত নির্বাচনে জনরোষের রেশ কিছুটা দেখা গেলেও তখন ডেমোক্রেট প্রার্থী জনগণের সে রকম আস্থা অর্জন করতে পারিননি, যে আস্থা থাকলে হোয়াইট হাউসের চাবি অর্জিত হয়। এবারের নির্বাচনে একদিকে ওবামার তারুণ্যদীপ্ত প্রতিশ্রুতি এবং অপরদিকে সাম্প্রতিক অর্থনৈতিক মন্দা ওবামাকে একেবারে সাফল্যের দোর গোড়ায় পৌঁছে দিয়েছে। ওবামাকে ঘায়েল করার জন্যে রিপাবলিকান প্রশাসন চেষ্টার কোন ত্রু টি করেনি। তারা ওবামার এথনিক ও ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে বহুমুখি প্রচারণা চালিয়ে তাকে মুসলিম ও মৌলবাদী সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করতে চেয়েছে। জনগণের মধ্যে ভীতির পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে হাজার হাজার সন্ত্রাসী ভিডিও ক্যাসেট ডাকযোগে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়া হয়েছে। সর্বশেষে যুক্তরাষ্ট্রের কায়েমী স্বার্থবাদীরা তাকে হত্যা পর্যন্ত করতে চেয়েছে। যুক্তরাষ্ট্রের জনগণ, বিশেষ করে তরুণ সমাজ সকল অপপ্রচার ও ষড়যন্ত্রকে প্রতিহত করে ওবামার গলায় বিজয়ের জয়মাল্য পরিয়ে দিতে সক্ষম হয়েছে। বিশ্বনন্দিত কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং-এর মতোই ওবামা স্বপ্ন দেখতেন। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে চান, এ আকাঙ্খার কথা তিনি প্রাইমারী স্কুলে অধ্যয়নকালেই তার শিক্ষকের কাছে প্রকাশ করেছিলেন। তিনি নিজের স্বপ্নের সাথে যুক্তরাষ্ট্রের জনগণকে সম্পৃক্ত এবং তাদের এর পক্ষে কাজ করতে উদ্বুদ্ধ করতে পেরেছেন বলেই আজ সে স্বপ্ন সফল হয়েছে। ওবামা জনগণকে যুদ্ধবাদী নীতি পরিবর্তনের আশ্বাস দিয়েছেন এবং সাফল্যের সাথে অর্থনৈতিক মন্দা মোকাবেলার প্রতিশ্রুতি দিয়েছেন। তার নেতৃত্বে যুক্তরাষ্ট্রের বিলুপ্ত মর্যদা পুনরুদ্ধার হবে - এ আশা বুকে নিয়ে জনগণ তার পক্ষে গণরায় প্রদান করেছে। বারাক হোসেন ওবামার বিজয়ে বিশ্ববাসীর মনেও নতুন প্রত্যাশা জেগেছে। বিশ্বের নির্যাতিত ও বঞ্চিত জনগোষ্ঠী আশা করছে, তার নেতৃত্বে সাদা-কালো নির্বিশেষে পৃথিবীর সকল মানুষ সত্যিকার মানুষের মর্যাদায় অভিষিক্ত হবে। ইরাক এবং আফগানিস্থান তাদের সার্বভৌমত্ব ফিরে পাবে। ইরান, পাকিস্তান, সুদান, সিরিয়া বা উত্তর কোরিয়ায় যুক্তরাষ্ট্রের জঙ্গীবিমান বোমা বর্ষণ করবেনা। পৃথিবীতে গুয়ানতানামো বা আবু গারিবের মতো অমানবিক কারাগারের অস্তিত্ব থাকবেনা। যুক্তরাষ্ট্রে তার বিজয়কে সংহত করতে হলে ওবামাকে বিশ্বের মন জয় করতে হবে। তার বিজয়ে যুক্তরাষ্ট্রের ৩৩ কোটি মানুষের সাথে কন্ঠ মিলিয়ে বিশ্বের ৬শ কোটি মানুষ উল্লাস প্রকাশ করেছে। আমরা জানি, অর্থনৈতিক মন্দাকে তিনি হয়তো তার প্রধান এজেন্ডা হিসেবে গ্রহণ করবেন। কিন্তু এর সাথে সাথে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার বিষয়টিকে অবশ্যই তাকে অগ্রাধিকার দিয়ে বিবেচনা করতে হবে। লন্ডন, ৬ নভেম্বর ২০০৮ |
|