|
ফরীদ আহমদ রেজা\'র কবিতা
উদ্যত বিস্ময়
সূর্যমূখী ফুলগুলো ভোর রাতে আমাকে এখানে ডেকে এনেছে সকাল বিকাল ওরা আমাকে প্রলুব্ধ করে আঘাত করে আমার চোখে আমার বুকে তুমি কবাট খুলে দেখেছো এক জোড়া চোখে তৃষ্ণার্ত দীপ্তি।
ফুল দিয়ে আরতি করবো এরকম কোন ইচ্ছে কোনদিন জাগেনি আজানের সাথে সাথে যারা ঝুড়ি নিয়ে পথে নামে তাদের তালিকায় আমার নাম খোঁজে পাবেনা সপ্নে দেখা কোন ফুলকুমারীর কাছে প্রেম নিবেদন করবো এমন কোন আকাঙ্খা আমাকে টেনে আনেনি।
ছোট বেলা আমি পেঁচক দেখেছি ছাদে খুপরীতে লজ্জাবতী লতাগুচ্ছ ছুয়েছি মাড়িয়েছি দু’হাতে দু’পায়ে আজ আর পেঁচকের অন্বেষণে ছাদে উঠতে হয়না লজ্জাবতীর জন্যে ঝোপ-জঙ্গলে যাওয়ার প্রয়োজন নেই আলো দেখে যারা মুখ লুকিয়ে চলে সাহসি উচ্চারণ শুনে যারা কেঁপে ওঠে চুপসে যায় ঘরমুখো বৈরাগীদের পাশাপাশি পৃথিবীর পণ্যশালায় দিগন্তজোড়া প্রসারিত দৃষ্টি নিয়ে সূর্যমূখী ফুলের তীর্যক দৃষ্টি দারুন এক বিস্ময় । |