Home | Articles | About | Contact
ফরীদ আহমদ রেজার ছড়া

ফরীদ আহমদ রেজার ছড়া

বিয়ের ছড়া

১.

শিশুর সরল চোখে বিয়ের খবর

আনন্দ উল্লাস ভরা দিবস রজনী।

যুবকের বুক ভরা প্রচন্ড আবেগ

বয়সী বুড়োর কাছে দায়িত্ব মহান।

সহজ যোগের মতো সবাই জেনেছে

মানুষের মতো বিয়ে পুরানো আদিম।

একটি ঘরের মাঝে পৃথিবী লুকায়

শিশুর প্রথম পাঠ রমনীর দান।

২.

মধুমাস রসে ভরা

রসের সেরা মউ

পৃথিবীর সেরা ধন

পূণ্যবতী বউ।

 

এলেন মিয়া

এলেন মিয়া হাজি সাব

এলেন মিয়া হাজি সাব

দেশ-বিদেশে নাম

থানার দারোগা তারে

পাঠায় সালাম।

ঢাকায় তিনটি বাড়ি

সিলেটে মোকাম

রাণীর মেমান হয়ে

থাকেন ইস্টাম।

 

রাজা যদি হতে চাও

রাজা যদি হতে চাও

রাজা যদি হতে চাও

রাজনীতি ছেড়ে দাও,

জেনারেল দেখে দেখে

পদসেবা করে যাও,

তেল তেলে লোক দেখে

চোখ বুজে গুণ গাও।

তারপর একদিন

রাজা হবে মিছা নয়

এই দেশে এভাবেই

মন্ত্রি বা রাজা হয়।

 

অব্যর্থ মলম

কি রকম লোক চাও করে দেখি তালিকা

অতিথির বিনোদনে চাই কিছু বালিকা?

ব্যঘ্রের দুধ চাই সর্পের ঠ্যাং?

দূর থেকে বন্ধুর বুকে দিবে ল্যাং?

ইতিহাসে নাম চাই ভাড়াটিয়া কলমে?

সব দোষ মুছে যাবে এই এক মলমে।

সব কিছু পেয়ে যাবে একটা-ই শর্ত

ঢেলে যদি দিতে পারো রাশি রাশি অর্থ।