Home | Articles | About | Contact
ফরীদ আহমদ রেজার কবিতা

ফরীদ আহমদ রেজার কবিতা

বৃষ্টির এষণা

এ কেমন অন্ধকার দিকচক্র জুড়ে

সূর্য নেই চন্দ্র নেই নেই কোন বৈদ্যুতিক বাতি

পিলসুজে রাখা ছিল মাটির প্রদীপ

সূর্যময় দিন ভেবে নিয়ে গেছে রবীন্দ্র ঠাকুর

ফ্রোজেন মনন-খিল নির্বিকার সেগুনের কাঠ

প্রাণহীন প্রেমহীন নিস্ফলা মেধার জাবর

হিমায়িত লাশ ঘরে একা জেগে আছে

আলোর প্রণয় বুকে ধ্যানমগ্ন জোহরা তারকা।

 

তরুলতা বৃক্ষরাজি মৃত্তিকার খাঁজ ও পরত

সমস্বরে জপে-গায় বৃষ্টির বন্দনা

আয় বৃষ্টি আয় ধেয়ে বৈশাখীর ঝড়ো প্রবর্ষণ

ক্ষুধা-জ্বরা-যন্ত্রণার মধু-সোমলতা

ধুয়ে-মুছে শুভ্র হোক তৃপ্ত হোক তৃষ্ণার্ত মনন

পরিপূর্ণ শুদ্ধ হোক বিদ্যোত-এষণা।

১৭ ফেব্রুয়ারী ২০০৯

ফরেস্ট গেইট, লন্ডন

 

সফেদ কাফন

সফেদ কাফনে ঢাকা সমগ্র শহর

লন্ডন শহর

সফেদ বরফে ঢাকা লন্ডন শহর

ন্যুইয়র্ক শহর কিংবা কোলকাতা নগর

বরফের কুচি নয় স্বতন্ত্র আদল কারো নেই

মাঝে মাঝে শোনা যায় ধাতব চিৎকার

দন্দশূক মেধার চিৎকার

শিলীন্ধ্র শীৎকার

শিশুর মনন জানে কোথায় জীবন

কোনটা ভরত পাখি কোনটা শকুন।

 

সফেদ বরফে ঢাকা লন্ডন শহর

জীবনের চিহ্ন খুঁজে নগর বাউল।

১২ ফেব্রুয়ারী ২০০৯

ফরেস্ট গেইট, লন্ডন

 

মানুষ

আমি হাঁটি পথে পথে

দেখি মানুষ জীব-জন্তু এবং বৃক্ষ

প্রত্যক্ষ করি দগ্ধ জনপদ দুর্বোধ্য অরণ্য-বহ্নি

ধ্বংসের পথে দুর্দমনীয় প্রতিযোগিতা

অমানুষ হবার প্রতিযোগিতা

এবং মানুষ হবার প্রতিযোগিতা

রেকর্ড করা ডিভিডি'র মতো

আমার সমগ্র শিশুকাল ধারণ করে

পেছনে হাঁটছে পাঁচ বছরের এক বালক

চোখে তার হিউয়েন-সাঙ-এর কৌতূহল

বুকে তার ইউনানী সাহস

অভিজ্ঞতার ভারে ন্যুব্জ এক প্রবীণবোদ্ধা

আদর করে তাকে সুইট দেন

বলেন

বেটা দোয়া করি তুমি বড় হও

ডাক্তার হও

ইঞ্জিনিয়ার হও

ছোট্ট ছেলের জবাব

আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাই না

বৃদ্ধের চোখেমুখে

নতুন আবিস্কারের বিস্ময় জেগে উঠে

তুমি তা হলে কি হতে চাও?

ভাবছিলাম মানুষ হবো

কিন্তু কোথায় মানুষ

বাতাসে বারুদের গন্ধ পানিতে আর্সেনিক

উর্বর মৃত্তিকা শিশুদের রক্তে রঞ্জিত

আমি এই পিশাচ-সভা থেকে পরিত্রাণ চাই

আমি জ্ঞানাঞ্জন চোখে মেখে

আলোর ঝর্ণধারায় স্নাত হতে চাই

কে আমাকে পৌঁছে দিতে পারবে সেই বন্দরে

যেখানে বাতাস কার্বনের বদলে ফুলের সৌরভ ছড়ায়

এবং সংহ্নষ্ট শিশুরা নৃত্যের তালে তালে সামগান গায়

সে কি মানুষ না কুকুর না মৌমাছি?

১২ জানুয়ারী ২০০৯

ফরেস্ট গেইট, লন্ডন

 

আশ্রয়

কে কার কাছে আশ্রয় চায়

কে কাকে আশ্রয় দিতে পারে?

জানোয়ার বলে তোমাকে আশ্রয় দেবো

তবে তা শুধু ক্ষুধার্ত হবার পূর্ব পর্যন্ত

আমরা মানব প্রজাতির মতো নই

আক্রান্ত বা ক্ষুধার্ত না হলে

কাউকে হত্যা করা আমাদের নীতি নয়

বৃক্ষ বলে আমার ছায়া সকলের জন্য উন্মূক্ত

তোমার বিষ আমি গ্রহণ করবো

বিনিময়ে পাবে তরতাজা অিজেন

শেষ পর্যন্ত বৃক্ষ আমার হাতে কর্তিত হয়

কারণ বিলাস বহুল পালঙ্ক আমার চাই

ধীবর ভাবে সমুদ্রই তার নিরাপদ আশ্রয়

এবং

মানুষের শেষ আশ্রয় মমতাময়ী মাটি।

৩১ জানুয়ারী ২০০৯

ফরেস্ট গেইট, লন্ডন

 

মূল ও কান্ড

অন্ত এবং অনন্ত

মিল ও অমিল খুঁজে হন্তদন্ত

বিশ্বব্রহ্মান্ড

কেউ জানে কেউ জানে না

কোনটা মূল এবং কোনটা কান্ড।

২ ফেব্রুয়ারী ২০০৯

ফরেস্ট গেইট, লন্ডন

 

অদৃশ্য পেন্ডুলাম

অদৃশ্য এক পেন্ডুলাম

বার বার ডাকে

বাঁকে বাঁকে হাঁকে

শেষ হয়ে এলো প্রায়

চিৎ-বিন্তি খেলা

সুনামির আগ্রাসন

নেই তার

বেলা ও অবেলা

সময়ের আহ্বান

স্বৈর অনির্বাণ।

৮ ফেব্রুয়ারী ২০০৯

ফরেস্ট গেইট, লন্ডন