![]() |
Home | Articles | About | Contact |
|
কবিতা - সম্পদনায়ঃ ফরীদ আহমদ রেজা
মামুন কবীর কবিতা বিষয়ক ছোট কাগজ কবিতার তৃতীয় সংখ্যায় (ফেব্রুয়ারি-২০০৭) রয়েছে সাতটি প্রবন্ধ, কিছু অনূদিত কবিতা এবং সমসাময়িক কবিদের কিছু কবিতা। অনুজের ভেতরই অগ্রজ বেচে থাকে। অগ্রজকে ধারণ করে অনুজের যাত্রা। এ বিষয়বস্তুকে ধারণ করে কবিতার এ সংখ্যায় তাই ভিন্ন সময়ের দুই অগ্রজকে প্রধান বিষয় করে এবং আটজন ইংরেজ কবিকে গুরুত্ব দিয়ে, কিছু কবিতা ও প্রবন্ধ স্থান পেয়েছে। এ সংখ্যায় কবিতার চেয়ে কবিতা বিষয়ক এবং কবি বিষয়ক আলোচনা প্রাধান্য পেয়েছে। এ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রবন্ধগুলো যুক্তিসঙ্গতভাবেই প্রয়োজনীয় হয়ে পড়েছে এ সময়। প্রবন্ধগুলো আগ্রহী পাঠকদের কবি এবং কবিতা সম্পর্কে আগ্রহ যোগাবে। সৃষ্টি এতো সৌন্দর্য প্রধান শিরোনামে অনিন্দিতা ইসলামের প্রবন্ধ ষাটের দশকের বহুল পঠিত মৃদুভাষী কবি আবুল হাসানের কবিতার বিভিন্ন বৈশিষ্ট্য (ভাষা, অলঙ্কার, চিত্রকল্প, ছন্দ ইত্যাদি) নিয়ে আলোচনা করেছেন। বিশ্বজিৎ ঘোষ কবি শামসুর রাহমানের কবিতার নির্মাণ ও শিল্পরূপ নিয়ে আলোচনা করেছেন রাহমানের পঙক্তিমালাঃ কবির কথা কবিতার কথা শিরোনামে। এছাড়াও শেকসপিয়ারের সনেটে ইমরটালিটি ও হোমো সেক্সুয়ালিটি বিতর্ক এবং প্রবহমান বাংলা সনেটের গতিধারা ও বৈশিষ্ট্য নামে দুটি ভিন্ন প্রবন্ধ আলোচিত হয়েছে। শেকসপিয়ারের সনেট ও বাংলা সনেটের বিবর্তন প্রসঙ্গে। কবি আর কবিতা দুজনে অচ্ছেদ্য, তাই কবিতা বিষয়ক জটিলতা এড়াতে কবিকেও জানা প্রয়োজন। এ জন্য কবিতা বিষয়ক প্রবন্ধগুলোর প্রয়োজনীয়তা খুব বেশি। এ সংখ্যায় তিনজন কবিকে কবি ও কবিতা অধ্যায়ে উপস্থাপন করা হয়েছে তাদের বোধগত স্বাতন্ত্র্যের জন্য। কবি কিশওয়ার ইবনে দিলওয়ার, নূরুজ্জামান মনি এবং কবি মোস্তাক আহমাদ দীনের কবিতা এখানে উপস্থাপিত হয়েছে অত্যন্ত গুরুত্বের সঙ্গে। এছাড়া রয়েছে সমসাময়িক কিছু কবিদের কবিতা। এর মধ্যে উল্লেখযোগ্য হলো অনূদিত কবিতা। আটজন ইংরেজ কবি এবং একজন আফ্রিকান কবি বেন ওকরির কবিতা। অনুবাদ সাহিত্য সব সময়ই স্থানীয় সাহিত্যকে সমৃদ্ধ করে তোলে। আর তা যদি হয় বেঞ্জামিন জেফানিয়া, জো শাপকট বা গ্রেস নিকোলসের মতো কবির কবিতা হয় তাহলে তো কথাই নেই। সৌজন্যেঃ যায় যায় দিন |
|