Home | Articles | About | Contact
ফরীদ আহমদ রেজার কবিতা

প্রদীপ্ত সূর্য

একটি ফুলের সৌরভে আমি প্রতিদিন অবগাহন করি

এ ফুল কখনো বাসি হয়না

এর পাপড়ি চুপসে যায়না ঝরে পড়েনা

এ ফুল ঘ্রাণহীন নিস্প্রাণ বা দীপ্তিহীন নয়

প্রত্যহ এর কোরক নতুন বিভায় বিকশিত হয়

 

 

গ্রীষ্মের দাবদাহে ক্লান্ত রোজাদার

কিংবা মরু প্রান্তরের ঘোড় সওয়ারের মতো

আমি সকল অনুভব নিয়ে পিপাসার্ত ছিলাম

প্রবহমান এক ঝর্ণা আমাকে পরম আদরে আলিঙ্গন দিয়েছে

আমি সেখানে নিরুদ্বিগ্ন সাঁতার কাটছি

আমি আজ পূর্ণ এবং পরিতৃপ্ত

 

 

একটি চাঁদের আলোয় আমি প্রতিরাত স্নাত হই

এ চাঁদে কোন কালিমা নেই

স্ফটিক সদৃশ এর সমগ্র অবয়ব

এ চাঁদের জীবনে অমাবস্যা আসতে আমি দেখিনি

প্রতিটি রজনী এর ফুটফুটে পূর্ণিমা

 

 

একটি সূর্যের বিভায় আমি প্রতিদিন আলোকিত হই

জীবনকে নতুন করে অবিষ্কারের উদ্দীপনা পাই

চৈত্রের অগ্নিদাহ বা খরা সেখানে নেই

নেই আষাঢ়-শ্রাবণের কালিমা কিংবা মেঘের আড়াল

প্রত্যহ সেখানে সোনাঝরা শীতের সকাল

 

 

আমার এ সূর্য অবয়বহীন কল্পণা নয়

রক্ত-মাংস এবং হৃদয় দিয়ে গড়া সম্পূর্ণ মানুষ

আমার এ পুষ্প সন্নাসী নয় গৃহী

সাল্লি আলাইহি ওয়া আ-লিহি