Home | Articles | About | Contact
বেনজামিন যেফানিয়ার কবিতা

অনুবাদঃ ফরীদ আহমদ রেজা

[কঠোর নিরামিষভোজী এবং সকল প্রকার অবিচারের বিরুদ্ধে উচ্চকণ্ঠ বৃটিশ কবি বেনজামিন যেফানিয়া রাজপথের কবি, বিদ্রোহের কবি। বৃটিশ সকোরের ওবিই খেতাব ঘৃণাভরে প্রত্যাখ্যান করেই তিনি ক্ষান্তô হননি, খেতাব-উপঢৌকন দিয়ে বুদ্ধিজীবী বেচাকেনার এ আদিম রীতিকে অত্যন্তô কঠোর ভাষায় আক্রমণ করে গদ্যে ও পদ্যে কলম ধরেছেন। ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং দূর প্রাচ্যের বিভিন্ন দেশে তার জনপ্রিয়তা অনেক কবির জন্যে ঈর্ষার কারণ।

তার জন্ম বৃটেনে হলেও তার পূর্বপুরুষ জামাইকা থেকে এখানে এসে বসতি স্থাপন করেন। জামাইকা অঞ্চলের জনপ্রিয় ডাব পয়ে্ট্রির প্রভাব তার কাব্যে সুস্পষ্ট। বেনজামিনের ভাষায় এটা স্ট্রিট পলিটিক্স বা রাজপথের রাজনীতি। উৎসব বা সমাবেশে যন্ত্রের ঝংকারে আবৃত্তি করে এ কবিতার প্রকৃত রস আস্বাদন করতে হয়। এক সময় বাংলাদেশের গ্রামেগঞ্জে প্রচলিত কবিয়ালদের পালাগানের সাথে এর তুলনা করা যায়।]


এক. মিস ওয়ার্ল্ড


সৌন্দর্য দৃষ্টিনন্দন বিষয়

সোনার চেয়ে মূল্যবান রূপার চেয়ে দামী

কেউ বলে যখন আমি সুন্দর

তখন তা চোখ দিয়ে অনুভব করতে হয়

প্রতিদিন যাদের সাথে তোমার সাক্ষাত হয়

তাদের প্রতি তোমার অভিবাদনে সৌন্দর্য ফুটে উঠে

তুমি সুন্দর তাই সবাই আনন্দিত

সৌন্দর্য তোমার স্বাভাবিক প্রকৃতি।


আমার বোন সুন্দরী

কিন্তু সে মিস ওয়ার্ল্ড হতে চায় না

পুরস্কারের অর্থে তার মূল্যমান যাচাই করা যায় না

হীরাজহরতের চেয়ে সে মূল্যবান

আমার বোন একটি সুন্দরী মেয়ে

মানুষের জন্যে আনন্দের আকর

সে চোখের আড়ালে থাকতে পারে

কিন্তু সে ঠিকে থাকবে এবং লড়াই করে যাবে

তার পা দৃঢ় এবং মজবুত

আত্মরক্ষার সামর্থø তার আছে

বন্য আগুনের মতো সে লাথি দিতে পারে

এ জন্যে তার মনে কোন ক্ষোভ নেই

সে স্টেজে দাঁড়িয়ে কথা বলেনা

মানুষের লালসা জাগ্রত করেনা

তার উচ্চতা বা বয়স তোমার জানা নেই

সে তোমার ধরা-ছোঁয়ার বাইরে

সে বাজারী মেয়েলোক নয়

দাসীর মতো সে পরীক্ষিত হতে চায় না

আসলে পরীক্ষার সময় অতিক্রান্তô

সৌন্দর্য বিচারকদের স্থান এখন গোরস্থানে

আমার বোনকে বাজারজাত করতে হবেনা

সৌন্দর্য প্রতিযোগিতায় সে এমনিতেই বিজয়ী

তাই কোন প্রতিযোগিতার প্রয়োজন নেই।


সেই গোষ্ঠীর কথা আমি বলছি

যারা চেহারা দিয়ে তোমাকে বিচার করে

পুস্তôকে লিখিত একটি সংখ্যা দেয়

অতঃপর চারদিক দিক থেকে লালসামাখা চোখ

তোমার প্রতি নিক্ষিপ্ত হয়

তারা তোমার সমগ্র জীবনকে যাচাই করে

তড়িঘড়ি করে নেয়া একটিমাত্র ইন্টারভিউ দিয়ে।


আমার বোন সুন্দরী একটি মেয়ে

কিন্তু সে মিস্‌ ওয়ার্ল্ড হতে চায় না

তার ব্যক্তিত্ব পুরস্কার দিয়ে সম্মানিত করার নয়

সে ক্ষমতা কোন বিচারক বা ভূস্বামীর নেই।

আমার বোন একটি সুন্দরী মেয়ে

তার প্রতিযোগিতায় অংশ নেয়ার প্রয়োজন নেই

যারা শ্রেষ্ঠ সুন্দরী বাছাই করে

তাদের সাথে আমার বোন এক কাতারে দাঁড়াবেনা।

এবং আমার বোনের বুকের দিকে তাকিয়ে

তার হৃদয় যাচাইয়ের ক্ষমতা তোমার নেই।

 

দুই. আমরা রেফিউজি


আমি একটি গীতিময় জগত থেকে এসেছি

ওরা আমার গানের জন্যে আমার উপর গুলি ছোড়ে

আমার দেশে আমার-ই ভাই

আমার ভাইকে নির্যাতন করে।


আমি একটি সুন্দর দেশ থেকে এসেছি

যেখানে ওরা আমার গায়ের রঙকে ঘৃণা করে

যে ভাবে আমি প্রার্থনা করি তা ওদের পছন্দ নয়

এবং আমার কবিতাকে তারা নিষিদ্ধ করে দিয়েছে।


আমি একটি সুন্দর জগত থেকে এসেছি

যেখানে মেয়েরা স্কুলে যেতে পারেনা

যেখানে বিশ্বাসকে চাপিয়ে দেয়া হয়

তরুণদের দাড়ি রাখা বাধ্যতামূলক।


আমি একটি বিশালাকৃতির পুরানো বনভূমি থেকে এসেছি

আমার মনে হয় তা এখন মাঠে পরিণত হয়েছে

এবং যাদের আমি এক সময় চিনতাম

তারা ওখানে আর নেই।


আমরা সবাই রেফিউজি হয়ে যেতে পারি

কেউ আর সেখানে নিরাপদ নয়,

শুধু একজন মাথা খারাপ নেতা যদি থাকে

অথবা অনাবৃষ্টির কারণে ফসল না জন্মে

তা হলেই আমাদের সবাইকে

রেফিউজি হয়ে যেতে হবে

সবাইকে বলা হবে চলে যাও

আমরা যা তাই হবার কারণে

কেউ কেউ আমাদের ঘৃণা করে।


আমি একটি সুন্দর দেশ থেকে এসেছি

সেখানকার উপত্যকা প্রতি বছর ভেসে যায়

ফি বছর হারিকেন আমাদের বলে দেয়

তোমাদের স্থানান্তôর হতে হবে।


আমি একটি প্রাচীন জনপদ থেকে এসেছি

আমার পরিবারের সবাই সেখানে জন্মেছে

আমি সেখানে ফিরে যেতে চাই

কিন্তু আমাকে তো বেঁচে থাকতে হবে।


আমি একটি রৌদ্রোজ্জল বেলাভূমি থেকে এসেছি

যেখানে ট্যুরিস্টরা চামড়াকে রোদপোড়া করতে যায়

এবং বণিকরা সেখানে অস্ত্রব্যবসা করে

এর দাম কতো আমি বলতে চাই না।


আমাকে বলা হয়েছে আমার কোন দেশ নেই

আমাকে বলা হয়েছে আমি নিজেই একটা মিথ্যা

আমাকে বলা হয়েছে আধুনিক ইতিহাসগ্রন্থ

আমার নাম ভুলে যাবে।


আমরা সবাই রেফিউজি হয়ে যাব

কোন সময় মাত্র এক দিনের মধ্যে

কোন সময় একটি করমর্দনের মাধ্যমে

অথবা একখানা কাগজে দস্তখত দিয়ে।


আমরা সবাই কোন না কোন ভাবে রেফিউজি

এমনি এমনি কেউ এখানে এসে পড়েনি,

কেউ এখানে সংগ্রাম ছাড়া আসেনি

কিন্তু কেন আমাদের ভয়ে ভয়ে থাকতে হবে

কখনো আবহাওয়া এবং কখনো মানুষের?


আমরা সবাই কোন না কোন স্থান থেকে এসেছি।